
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে উপজেলার তিনটি ইউনিয়নে দলের বিভিন্ন পদে নির্বাচনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আগামী ১০, ১১ ও ১২ জুলাই পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ইউনিয়নভিত্তিক নির্বাচন।
এ উপলক্ষে শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজিবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের উদ্যোগে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে বিভিন্ন পদের জন্য নির্ধারিত প্রতীকও চূড়ান্ত করা হয়েছে। প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচন কমিশনের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার তিনটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় কার্যালয়ে দিনভর সম্ভাব্য প্রার্থী, সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতাকর্মীদের প্রত্যাশা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
Leave a Reply