
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানান্দবাড়ি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় সানান্দবাড়ি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্সিগঞ্জ পূবালী ব্যাংক শাখার ম্যানেজার ফারহানা রহমান স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক বক্সিগঞ্জ শাখার ম্যানেজার ফারহানা রহমান। তিনি বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। বিশেষ করে জাপানি ভাষা শিক্ষা তরুণ প্রজন্মের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করছে।

সানান্দবাড়ি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রমে পূবালী ব্যাংক পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সানান্দবাড়ি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের সার্বিক তত্ত্বাবধায়ক আবু দাউদ। তিনি স্কুলের কার্যক্রম ও শিক্ষার্থীদের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান কবি। তিনি বলেন, “গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা প্রদানের লক্ষ্যেই আমাদের এই প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা আমাদের পথচলাকে আরও সহজ করবে।”
মতবিনিময় সভায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply