
নিজস্ব প্রতিনিধি, তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর রাজিবপুর বটতলায় অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) বাদ মাগরিব অনুষ্ঠিত এ সভায় শ্রমিকদের অধিকার, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং সড়ক পরিবহন খাতকে আরও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাসানুজ্জামান স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা এ কে এম ওসমান গনি, প্রভাষক কবীর মনিরুজ্জামান মিলন, রেজাউল করিম দুলাল, রুহুল আমিনসহ বিএনপি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে পরিবহন শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সংগঠন গড়ে তোলার বিকল্প নেই। তারা সংগঠনের প্রতিটি সদস্যকে সততা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, শ্রমিকদের কল্যাণে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং আইন মেনে যানবাহন পরিচালনার বিষয়েও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ শ্রমিক সমাজই একটি শক্তিশালী সংগঠনের ভিত্তি।
উদ্বোধকের বক্তব্যে জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাসানুজ্জামান স্বপন বলেন, সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। তিনি নতুন সদস্যদের সংগঠনের আদর্শ ও নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান।
সভায় স্থানীয় অটো-টেম্পু ও সিএনজি অটোরিকশা চালক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের বর্তমান কার্যক্রম, সদস্যদের বিভিন্ন সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শ্রমিকদের কল্যাণে গ্রহণযোগ্য কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত শ্রমিকরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও খবর:বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
Leave a Reply