
স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী
পার্বত্য চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাসরত বাঙালিদের জন্য আয়কর অব্যাহতি, সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত, জেলা পরিষদে মেধাভিত্তিক নিয়োগ এবং পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শাহবাগের শহীদ হাদী চত্বরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযাযের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিদ্যমান আয়কর অব্যাহতির সুবিধা বহাল থাকলেও একই অঞ্চলে বসবাসরত বাঙালিরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এ ব্যবস্থাকে বৈষম্যমূলক উল্লেখ করে পার্বত্য তিন জেলার স্থায়ী বাঙালি বাসিন্দাদেরও আয়কর অব্যাহতির আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও দাবি করেন, পার্বত্য চট্টগ্রামে সকল জনগোষ্ঠীর জন্য সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জেলা পরিষদের অধীন বিভিন্ন দপ্তরে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু, উচ্চশিক্ষায় পার্বত্য বাঙালি শিক্ষার্থীদের জন্য পৃথক কোটা এবং উন্নয়ন কার্যক্রমে সমঅংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন পার্বত্য চট্টগ্রাম চুক্তি, ‘আদিবাসী’ পরিচয় এবং জাতীয় সার্বভৌমত্বের বিভিন্ন বিষয় নিয়ে তার মতামত তুলে ধরেন। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে অবসরপ্রাপ্ত কর্নেল খন্দকার ফরিদুল আকবর, অ্যাডভোকেট পারভেজ তালুকদার, বজলুর রহমান বাবলু, মিজানুর রহমান, জিয়া উল হক, সাহিদুল ইসলাম, কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রভাষক নারগিস জুই, সেলিম রেজা বাচ্চু, শাহপরান সাইম, রোজিনা আক্তার, তারেক রহমান শাওনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শাহবাগের শহীদ হাদী চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুন আমতলীতে নির্মাণাধীন ৫ কোটি টাকার সড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল
Leave a Reply