
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের গোপন অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ডাংধরা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা নগর আলী ব্যাপারীর ছেলে নুরুল আমিনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন হিসেবে নুরুল আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নুরুল আমিন মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য তাদের কাছে আসছিল। এসব তথ্য যাচাই-বাছাই এবং গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার হওয়ায় তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জামালপুর জেলা পুলিশ জানায়, জেলার বিভিন্ন উপজেলায় মাদক নির্মূল এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।
ডিবি পুলিশের কর্মকর্তারা আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেপ্তারকৃত নুরুল আমীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ইয়াবার উৎস, সরবরাহকারী এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে সম্ভাব্য সহযোগীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
জেলা পুলিশ বলছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে চলবে। মাদক উৎপাদন, পরিবহন, সংরক্ষণ কিংবা ব্যবসার সঙ্গে জড়িত যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর : সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
Leave a Reply