
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে কুড়িগ্রামের রৌমারী উপজেলার একই পরিবারের চার সদস্যকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১৫ হাজার ৩০০ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রবিবার (১২ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি-এর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রকিব হাসান (৩৮), তার ছেলে মো. সাকিব আল হাসান (২২), স্ত্রী মোছা. শান্তি খাতুন (৩৩) এবং পুত্রবধূ মোছা. ফারজানা আক্তার ওরফে ফরিদা (১৯)। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর নতুন বন্দর, ওয়ার্ড নং-৪, রৌমারী আলগা উত্তর ইউনিয়নে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শম্ভুগঞ্জ মোড়ে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৩০০ টাকা এবং তিনটি মোবাইল ফোন, যা তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ইয়াবা পাচার ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। অভিযানের মাধ্যমে চক্রটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
আরও খবর : সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার পৃথক পৃথক অভিযানে ভারতীয় মাদক আটক।
Leave a Reply