
নিজস্ব প্রতিনিধি, তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঢুষমারা থানাধীন মোহনগঞ্জ ইউনিয়নের দিয়ারারচর ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. মাইদুল ইসলাম (১৬)। তিনি মোহনগঞ্জ ইউনিয়নের দিয়ারারচর ফকিরপাড়া গ্রামের নুরুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অতিভারী বর্ষণের কারণে সহকারী শিক্ষক মো. নোমান মাস্টারের বাড়ির সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে যায়। জনদুর্ভোগ লাঘবে মোহনগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রাজিবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক মো. শাহ আলম প্রায় চার লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন নিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। প্রকল্পের আওতায় ৮ থেকে ১০ জন শ্রমিক কাজ করছিলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিক মো. মাইদুল ইসলাম স্থানীয় নোমান আলী মাস্টারের গোয়ালঘর থেকে ৫০ কেজি ওজনের একটি সিমেন্টের বস্তা মাথায় নিয়ে বের হচ্ছিলেন। এ সময় গোয়ালঘরের দরজার সামনের জায়গা পিচ্ছিল থাকায় তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে থাকা সিমেন্টের ভারী বস্তাটি তার কাঁধ ও শরীরের ওপর পড়ে যায়।
এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। অল্প বয়সে পরিবারের উপার্জনে সহযোগিতা করতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর দুঃখ ও উদ্বেগ দেখা দিয়েছে।
পরে মরদেহটি তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও শ্রমিকদের মধ্যে কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।
স্থানীয়রা জানান, বর্ষাকালে রাস্তা সংস্কারসহ নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে।
আরও খবর: মন্ডলবাড়ীর সৌজন্যে ও এ্যাডকিউ -এর আয়োজনে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ
Leave a Reply