
সামরুল হক, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন “নিউ ব্লোন ফাউন্ডেশন”-এর উদ্যোগে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া টালিয়া পাড়া এলাকায় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) আয়োজিত এ মানবিক কার্যক্রমে এলাকার প্রায় ১৪৫টি পরিবারের মাঝে পবিত্র কুরবানির গোস্ত বিতরণ করা হয়। ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করে নিউ ব্লোন ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন নিউ ব্লোন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ইলিয়াস হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সংগঠনের নেতাকর্মীরা। বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে প্রতিটি পরিবারের হাতে কুরবানির গোস্ত পৌঁছে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন বলেন,
“পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। কুরবানির মূল শিক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিক।”
তিনি আরও বলেন, “নিউ ব্লোন ফাউন্ডেশন সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করা।”
স্থানীয় বাসিন্দারা নিউ ব্লোন ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। তারা বলেন, ঈদের সময় এমন সহায়তা নিম্নআয়ের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিউ ব্লোন ফাউন্ডেশন এ ধরনের মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং অসহায় মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply