
নিজস্ব প্রতিনিধি : তারিকুল ইসলাম তারা: টানা অতি ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকার সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও কোথাও রাস্তা ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন যানবাহনের চালকরা।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সড়কসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন রাজিবপুর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২৪ মে রবিবার সকাল ১০ টায় চর রাজিবপুর আলিম মাদ্রাসার উত্তর পাশের রাস্তা ও চর রাজিবপুর মাঠপাড়ার রাস্তাসহ উপজেলার বিভিন্ন এলাকার ভাঙন ও ক্ষতিগ্রস্ত রাস্তা ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম শামিম, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সৌরভ কুমার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান।
পরিদর্শনকালে স্থানীয় জনগণের সাথে কথা বলেন কর্মকর্তারা এবং রাস্তার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত সংস্কারের আশ্বাস দেন। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আযহার আগে গুরুত্বপূর্ণ সড়কগুলো জরুরি ভিত্তিতে রিফাইরিং ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম শামিম বলেন, “ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। ঈদের আগেই গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের উপযোগী করার চেষ্টা করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন (নেভী)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টির কারণে রাস্তার বিভিন্ন অংশ ধসে গেছে এবং কাদামাটির কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
দ্রুত সংস্কার কাজ শুরু হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করছেন, দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে ঈদকে সামনে রেখে মানুষের যাতায়াত স্বাভাবিক হবে এবং দুর্ভোগও অনেকাংশে কমে আসবে।
আরও খবর: চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: নেপথ্যে পলিথিন কারখানা
Leave a Reply