
নিজস্ব প্রতিনিধি : তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল মোহনগঞ্জ ইউনিয়নের নয়ারচর হাট বাজারে আনুষ্ঠানিকভাবে গরু-ছাগলের হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে এ অঞ্চলে কোনো স্থায়ী গরু-ছাগলের হাট না থাকায় স্থানীয় খামারি ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে চরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে সাবেক ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলামের উদ্যোগে নয়ারচর বাজারে এ হাটের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই বিভিন্ন চরাঞ্চল থেকে গরু, ছাগল ও অন্যান্য গবাদিপশু নিয়ে হাটে আসতে শুরু করেন বিক্রেতারা। একই সঙ্গে ক্রেতাদের উপস্থিতিতেও মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা।
স্থানীয়দের অভিযোগ ছিল, এতদিন গবাদিপশু বিক্রয়ের জন্য তাদের দূর-দূরান্তের বাজারে যেতে হতো। এতে সময়, অর্থ ও যাতায়াতে অতিরিক্ত ভোগান্তির পাশাপাশি নদীপথের ঝুঁকিও ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে চরাঞ্চলের মানুষকে আরও বেশি দুর্ভোগে পড়তে হতো। অনেক সময় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হতেন খামারিরা।
নতুন এই হাট চালু হওয়ায় স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। হাটে আসা কয়েকজন খামারি জানান, এখন আর গরু-ছাগল বিক্রির জন্য দূরের বাজারে যেতে হবে না। নিজ এলাকায় হাট হওয়ায় পরিবহন খরচ কমবে এবং সহজেই ন্যায্যমূল্যে পশু বিক্রি করা সম্ভব হবে।
হাটের খাজনা আদায়কারী ও আয়োজক সাইফুল ইসলাম বলেন,
“প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করেই আমরা এই হাট চালুর উদ্যোগ নিয়েছি। আজকে আনুষ্ঠানিকভাবে হাটটি উদ্বোধন করা হলো। আমি আশা করি আগামী দিনে বিভিন্ন চরাঞ্চলের মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে এই হাটকে আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে হাটে নিরাপত্তা ব্যবস্থা, বিশ্রামাগার ও ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, কৃষক ও বিভিন্ন চরাঞ্চল থেকে আগত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। হাট চালু হওয়ায় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকে এটিকে চরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা হিসেবেও দেখছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নয়ারচর বাজারে নিয়মিত গরু-ছাগলের হাট পরিচালিত হলে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি ক্ষুদ্র খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply