
সামরুল হক, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগে শত শত সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। একই সঙ্গে গবাদিপশুর জন্যও বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় রোগ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
মানবিক এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুর চর ইউনিয়নের আইরমারি গ্রামের কৃতি সন্তান ও লন্ডন প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার সাঈদ হাসান। এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজসেবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব করে।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধসেবা পেয়ে তারা খুবই উপকৃত হয়েছেন। বিশেষ করে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply