
আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সোহাগ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (রাত) সদর উপজেলার আখানগর রেলওয়ে স্টেশনের পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি মাধবপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি জীবিকার তাগিদে রংপুরের একটি কাজী ফার্মে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে আসেন সোহাগ। শুক্রবার সকালে বকেয়া বেতন আনতে তিনি কর্মস্থলে যান। কাজ শেষে ফেরার পথে ঠাকুরগাঁও রোড স্টেশন থেকে পঞ্চগড়গামী ট্রেনে ওঠেন। বাড়ি ফেরার জন্য তিনি তাঁর বাবাকে আখানগর এলাকায় রেললাইনের পাশে অপেক্ষা করতে বলেন।
তবে নির্ধারিত সময় পার হলেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর বাবা। পরে এক পথচারী রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সোহাগের বলে শনাক্ত করেন।
এলাকাবাসীর দাবি, আখানগর এলাকায় রেলস্টেশন থাকলেও কোনো ট্রেন সেখানে থামে না। ধারণা করা হচ্ছে, ট্রেনটি না থামায় সোহাগ চলন্ত অবস্থায় নামার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে মাথা ও শরীরে গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আখানগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য জনি পারভেজ জানান, প্রাথমিকভাবে এটি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা আরও জানান, নিহতের পকেটে থাকা মোবাইল ফোন ও বেতনের টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন নিখোঁজ বিজ্ঞপ্তি
Leave a Reply