
আব্দুস সামাদ ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা-এর দৌলতপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আশরাফুল ইসলাম মেম্বারের সমর্থক ও মোঃ মতিউর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে আশরাফুল ইসলাম মেম্বার ভুট্টার জমি দেখতে গেলে প্রতিপক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে আহতরা হলেন—মাহাতাব উদ্দিনের স্ত্রী ছাহেরা খাতুন (৪০), মৃত দুদ মল্লিকের ছেলে মশিউর রহমান (৩৫) ও ইউনুস আলীর ছেলে শাহিনুর রহমান (২৫)সহ অন্তত ৪ জন। আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।
আহত ইউপি সদস্য আশরাফুল ইসলাম মেম্বার জানান, “আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। বর্তমানে জীবননাশের ঝুঁকিতে আছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে পারিবারিকভাবে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
আরও পড়ুন আনোয়ারায় স্বামীর বাড়িতে তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, স্বামী আটক
Leave a Reply