
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
ঈদ-উল-ফিতরের আনন্দকে আরও প্রাণবন্ত করতে কামালিয়াচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হয় “ফুটবল টুর্নামেন্ট সিজন-১”। আয়োজনটি করে সুফিয়া মান্নান ফাউন্ডেশন।
টুর্নামেন্টে অংশ নেয় কামালিয়াচর বদুরন্ত স্পোর্টিং ক্লাবের লাল ও সবুজ দল। মাঠে উপস্থিত দর্শকরা খেলোয়াড়দের দক্ষতা এবং উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন। দুই দলের মধ্যে প্রতিযোগিতা এতটা আকর্ষণীয় ছিল যে দর্শকদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের পারদ চড়েছিল।
মাঠে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক মোবারক হোসেন সুমন, পরিচালক শফিকুল ইসলাম বাবুল এবং বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম মোল্লাসহ স্থানীয় আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনা করেন কিশোরগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মোঃ বিল্লাল হোসেন। ধারাভাষ্যকার মোঃ আনোয়ার পাশা খেলার উত্তেজনা আরও বাড়িয়ে তোলেন তার প্রাণবন্ত বর্ণনার মাধ্যমে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের আয়োজনের উদ্দেশ্য তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এছাড়াও, সুফিয়া মান্নান গণগ্রন্থাগার টুর্নামেন্টে সহযোগিতা করেছে।
মাঠজুড়ে আনন্দমুখর পরিবেশ, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দর্শকদের উচ্ছ্বাস মিলিয়ে এই ফুটবল টুর্নামেন্টটি একটি আনন্দঘন ঈদ স্মরণীয় করে রাখল।
Leave a Reply