
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ভিজিএফ (VGF) কর্মসূচির চাল সন্দেহে ১৫৫ বস্তা চালসহ একটি গোডাউন সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
জানা যায়, উপজেলার বড়াইডাঙ্গী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা শাহ আলম তালুকদারের ভাড়া দেওয়া একটি গোডাউনে বিপুল পরিমাণ চাল মজুদ থাকার তথ্য পেয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এফ শামিম। এ সময় গোডাউন থেকে ১৫৫ বস্তা চাল উদ্ধার করা হয়, যা ভিজিএফ কর্মসূচির চাল হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন নামের এক চাল ব্যবসায়ী শাহ আলম তালুকদারের কাছ থেকে গোডাউনটি ভাড়া নিয়ে সেখানে চালগুলো মজুদ করেন। তবে অভিযান পরিচালনার সময় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, ফলে বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে।
উপজেলা নির্বাহী অফিসার এম এফ শামিম জানান, “উদ্ধারকৃত চালগুলো ভিজিএফ-এর কিনা তা যাচাই-বাছাই না হওয়া পর্যন্ত গোডাউনটি সিলগালা করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে চালের বৈধতা প্রমাণের নির্দেশ দেওয়া হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ভিজিএফ (Vulnerable Group Feeding) কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে সরকারিভাবে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়। এই চাল কোনোভাবে অবৈধভাবে মজুদ বা বিক্রির চেষ্টা করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ।
আরও খবর: মানবতার কল্যাণে ১৬তম খতমে কোরআন ও ইফতার মাহফিল সম্পন্ন 🌙
Leave a Reply