
নিজস্ব প্রতিবেদক, জামালপুর: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ও আশপাশের বাজারগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক ও কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় পেট্রোল, ডিজেল ও কেরোসিনের চাহিদা থাকলেও অধিকাংশ দোকান থেকেই ক্রেতাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অনেকের অভিযোগ, প্রতিটি জ্বালানি তেলের দোকানে মজুদ থাকলেও বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় নির্ধারিত গুদামের বাইরে বিভিন্ন গোপন স্থানে তেল মজুদ করে রাখছেন কিছু অনুমোদিত ও অননুমোদিত বিক্রেতা।
এদিকে স্থানীয়ভাবে তেল না পেয়ে অনেকেই প্রায় ১৭ কিলোমিটার দূরের কাঁঠারবিল ফিলিং স্টেশন থেকে পেট্রোল কিনছেন। সেখানে ২৫০ টাকার বেশি পেট্রেল দেওয়া হচ্ছে না বাইকারদের বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে চলমান বোরো ধানের মৌসুমে সেচ পাম্প চালাতে জ্বালানি তেলের প্রয়োজনীয়তা বেড়েছে। কিন্তু সংকটের কারণে কৃষকরা চরম উদ্বেগে রয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে বোরো আবাদ ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সচেতন মহল বলছে, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর হতে পারে।
আরও খবর: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল
Leave a Reply