
আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার আসন্ন নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শৈলকুপা উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোছাঃ রেশমা চৌধুরী।
সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন।
রেশমা চৌধুরী জানান, ইতোমধ্যে তিনি তিনটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে শৈলকুপা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মানুষ নেতৃত্বের পরিবর্তন চায়। এজন্য তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনছেন।
নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “ওয়ার্ডবাসী যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে তিনটি ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন আমার অন্যতম লক্ষ্য।”
তিনি আরও বলেন, যুবসমাজকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে তিনি কাজ করবেন। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি শৈলকুপা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply