
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর আশরাফুল ইসলাম (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম একই এলাকার বাসিন্দা শাহীন মিয়ার ছেলে। তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক হিসেবে কর্মরত।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতর দোলনায় শুইয়ে রেখে বাড়ির আঙিনায় কাজ করতে যান। কিছু সময় পর বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। এরপর পরিবারের সদস্যরা বাড়ির ভেতর-বাইরে ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি থানায় জানানো হয়।
নিখোঁজের পর এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এক প্রতিবেশী দাবি করেন, ঘটনার সময় তিনজন বোরকা পরা নারীকে দ্রুত এলাকা ছাড়তে দেখা গেছে এবং তাদের একজনের কোলে একটি শিশু ছিল। তবে এ তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার সকালে বাড়ির পেছনের টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা ভেতরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দীর্ঘদিন পানির মধ্যে থাকায় মরদেহটি পচাগলা অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় শিশুটির দাদী অভিযোগ করেছেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ বলছে, অভিযোগসহ সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা দরকার।
আরও পড়ুন খানসামা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Leave a Reply