
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: এ কে এম এহসানুল করিম গ্রুপ বাংলাদেশ-এর অর্থায়নে এবং গরিব উন্নয়ন সংস্থা-এর সহযোগিতায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা-র দুর্গম চরাঞ্চলের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রামাদান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে- গরিব উন্নয়ন সংস্থার কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুর্গম চরাঞ্চলের হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও পবিত্র মাহে রমজানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সংবাদে জানা যায়, রামাদান খাদ্য সামগ্রী প্যাকেজ হিসেবে প্রতিটি পরিবারের জন্য প্রদান করা হয়—
১০ কেজি চাল,
১ কেজি ডাল,
১ কেজি ছোলা,
১ কেজি চিড়া,
১ কেজি মুড়ি,
২ কেজি চিনি,
১ কেজি ভোজ্য তেল,
৩ কেজি পেঁয়াজ,
৩ কেজি আলু,
১ কেজি খেজুর
এবং ৫০০ গ্রাম গুঁড়া দুধ।
অনুষ্ঠানে গরিব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ বলেন, নদীভাঙন ও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে রাজিবপুর উপজেলার চরাঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে যাচ্ছে। বিশেষ করে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করা এসব পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দাতা সংস্থার এই মানবিক সহায়তা অসহায় মানুষের জন্য বড় আশার আলো হয়ে এসেছে।
খাদ্য সামগ্রী গ্রহণকারী উপকারভোগীরা জানান, রমজানের শুরুতে এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে অন্তত একটি মাস পরিবার নিয়ে স্বস্তিতে ইফতার ও সেহরি করার সুযোগ সৃষ্টি হবে।
গরিব উন্নয়ন সংস্থার সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও দুর্গম চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক এবং গরিব উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply