
মোঃ তারিকুল ইসলাম তারা, নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারে ভোক্তা স্বার্থ রক্ষা ও নিত্যপণ্যের মান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে রাজিবপুর উপজেলার প্রধান বাজারে এই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে রাজিবপুর থানা পুলিশ সক্রিয়ভাবে সহযোগিতা করে।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের মান, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হয়। এ সময় এক ব্যবসায়ীর বিরুদ্ধে ভেজাল ও অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়—রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি, ভেজাল পণ্য বিক্রি কিংবা মজুতদারির মতো অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান বলেন, “পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে নিরাপদ খাদ্যসামগ্রী পায়, সে লক্ষ্যেই এই অভিযান। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
এদিকে প্রশাসনের এমন উদ্যোগে বাজারের সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, নিয়মিত অভিযান হলে অসাধু ব্যবসায়ীরা নিয়ন্ত্রণে থাকবে এবং ভোক্তারা ন্যায্য দামে ভালো মানের পণ্য ক্রয় করতে পারবেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় জনস্বার্থে প্রশাসনের এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আরও খবর: সমবায় খাত শক্তিশালী করতে নালিতাবাড়ীতে ইউসিসিএ লিঃ–এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Leave a Reply