
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
পরিবেশগত সংকট মোকাবিলায় কার্যকর রাজনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন) কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মো. মাজহারুল ইসলামের হাতে পরিবেশ বিষয়ক সুপারিশমালা তুলে দিয়েছে। গতকাল আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে একটি সুপারিশ সংবলিত পুস্তিকা প্রদান করা হয়।
কর্মসূচিতে বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার হোসেন এবং কার্যকরী সদস্য মো. জোনায়েদ হোসেন জুয়েল ও আব্দুর রহমান জুটন অংশ নেন।
সুপারিশমালায় পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়। এতে জলাভূমি ও হাওর রক্ষা, নদী ও খাল দখলমুক্ত করা, বায়ু–পানি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, শিল্প ও নগর বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।
বাপা ও বেন নেতৃবৃন্দ বলেন, পরিবেশ ধ্বংসের কারণে মানুষের জীবনমান হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি ও দায়বদ্ধতা জরুরি। তারা প্রত্যাশা করেন, নির্বাচিত হলে জনাব মো. মাজহারুল ইসলাম পরিবেশ রক্ষায় নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন।
সুপারিশমালা গ্রহণ করে বিএনপি প্রার্থী মো. মাজহারুল ইসলাম পরিবেশ আন্দোলনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে আখ্যা দেন এবং পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন দাড়ি পাল্লা বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক নূরুল ইসলাম বুলবুল
Leave a Reply