
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি তেল পাম্পে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, হোসেনপুর থানাধীন শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকায় অবস্থিত মেসার্স ইশা ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে একটি চক্রের চাঁদাবাজির শিকার হয়ে আসছিল। অভিযুক্ত বিল্লাল হোসেন শ্রাবণ (৩৫), পিতা– মোঃ হেলাল উদ্দিন, সাং– রামপুর (মোড়লবাড়ি), থানা– হোসেনপুর, জেলা– কিশোরগঞ্জসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন সহযোগী একত্রে যোগসাজশে ফিলিং স্টেশনের মালিককে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ধাপে ধাপে মোট ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, ব্যবসায় কাঙ্ক্ষিত মুনাফা না থাকায় তিনি নতুন করে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে চাঁদাবাজরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ও তার সহযোগীরা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় এসে অতিরিক্ত ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক তেল পাম্পটি বন্ধ করে দেয়।
পরবর্তীতে একই দিন রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে অভিযুক্ত বিল্লাল হোসেন শ্রাবণ তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৫৮-২৫৯৩৯৭ থেকে ভুক্তভোগীর নম্বরে ফোন করে গালমন্দসহ পুনরায় চাঁদা দাবি করে। এ সময় ভুক্তভোগী আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে পিস্তল দিয়ে ফিলিং স্টেশনের মালিক ও কর্মচারীদের হত্যা করার হুমকি দেয়।
এ ঘটনার পর ভুক্তভোগী হোসেনপুর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযুক্ত বিল্লাল হোসেন শ্রাবণকে গ্রেফতার করা হয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply