
ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা
ঢাকা, বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে সেখান থেকে বিতর্কিত ও অননুমোদিত পোস্ট দেওয়ার ঘটনায় তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ছরওয়ারে আলমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই ঘটনায় মঙ্গলবার রাত ১২টার পর রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান চালায় ডিবি। আইনশৃঙ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হ্যাকিংয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয়।
জামায়াতে ইসলামী জানায়, গত ৩১ জানুয়ারি বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয় এবং কিছুক্ষণ পর একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পরে কেন্দ্রীয় আইটি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং পরদিন সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
দলটির দাবি, তদন্তে দেখা গেছে—একটি ফিশিং ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়, যা বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সরকারি ই-মেইল ঠিকানা থেকে পাঠানো হয়েছিল বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ
Leave a Reply