
ইমান আলী, ঢাকা: ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন খান। একই সঙ্গে শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান (কাজী আশিক) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁন মনোনীত হয়েছেন।
আজ সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে শাখা সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
সভাপতি নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে গোপন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিন খানকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।
এরপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন খান শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান (কাজী আশিক) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনয়ন প্রদান করেন।
সমাবেশে বক্তারা সংগঠনের আদর্শিক ধারা, সাংগঠনিক শৃঙ্খলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গঠনমূলক ছাত্ররাজনীতির গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও নৈতিক ছাত্ররাজনীতি চর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।
শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়।
আরও খবর : কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
Leave a Reply