
মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম।
চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি মাওলানা জমির উদ্দিন তালুকদার সুলতানপুরী।
মঙ্গলবার (৩০শে ডিসেম্বর ) এক বিবৃতিতে তিনি জানান, দলীয় শৃঙ্খলা, ঐক্য ও বৃহত্তর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি দলীয় সিদ্ধান্তকে পূর্ণ সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, আসন্ন নির্বাচনে তিনি নিজেকে প্রার্থীতা থেকে বিরত রাখছেন এবং একই সঙ্গে চট্টগ্রাম-৬ আসনে বিএনপি সমর্থিত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছেন। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকা আজ সময়ের সবচেয়ে বড় দাবি বলেও উল্লেখ করেন তিনি।
মাওলানা জমির উদ্দিন তালুকদার সুলতানপুরী বলেন, “আমি বিশ্বাস করি ব্যক্তি নয়, নীতি ও আদর্শই মুখ্য। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়েই আন্দোলনকে আরও সুসংহত ও শক্তিশালী করা সম্ভব।”
এ সময় তিনি তাঁর সকল সহযোদ্ধা, নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করেন এবং তাকে বিজয়ী করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন।
বিবৃতির শেষাংশে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, আল্লাহ যেন সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক দান করেন।
Leave a Reply