
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ওই সদস্য বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সদস্য মোহাম্মদ আতিকুল ইসলাম (৪৯)।নিহত আতিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের মৃত মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তিনি ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধীন হাতিপাগার বিওপিতে কর্মরত ছিলেন।
টহল চলাকালে নাকুগাঁও স্থলবন্দর এলাকার প্রায় ৫০০ মিটার পশ্চিমে পৌঁছালে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁর নাক ও মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নুর বেলা ১২টার দিকে ইসিজি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, বিজিবি, চিকিৎসক ও সুরতহাল প্রতিবেদনের বরাতে প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ বিজিবি কর্তৃপক্ষ ময়মনসিংহ সেক্টরে নিয়ে গেছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দায়িত্ব পালনকালে এমন মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সংশ্লিষ্ট মহল থেকে নিহতের পরিবারকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সহায়তা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন মনোনয়নপত্র জমা না দিতে পেরে ইউএনও কার্যালয়ে অঝোরে কান্না এবি পার্টির প্রার্থী প্রত্যাশী ।
Leave a Reply