
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার করাতিপাড়া গ্রামে অবস্থিত মদিনাতুল উলম মডেল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, মোরগ দৌড়সহ নানা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের মেধা ও শারীরিক দক্ষতা প্রদর্শন করে।
অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শায়েখ আব্দুল হান্নান বলেন, শিক্ষা ও নৈতিকতা বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অবকাঠামো, শিক্ষা উপকরণ ও আর্থিক সংকটের কারণে মাদ্রাসাটি নানা চ্যালেঞ্জের মুখোমুখি।
এ সময় সহকারী শিক্ষক শায়েখ ইসমাঈল হোসেন শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করে বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে এখান থেকে দক্ষ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত নাগরিক তৈরি করা সম্ভব। প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ মতিউর রহমানসহ অন্যান্য বক্তারাও মাদ্রাসার উন্নয়নে সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
বক্তারা দ্রুত প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও খবর : নাটোরের হয়বতপুরে প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার
Leave a Reply