
মোঃ আব্দুস সামাদ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের উপর দুর্বৃত্তরা নির্মম হামলা চালিয়েছে।
‘শালিশের’ নামে স্থানীয়ভাবে চলা চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়াই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দপুর গ্রামে সংঘটিত এই ঘটনাটি সারা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপি সদস্যকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে—হাতুড়ি ও লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় হাসপাতালে নিতে চাইলেও সন্ত্রাসীরা বাধা দেয় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গোবিন্দপুর মাঠে স্থাপিত একটি সোলার প্যানেল কে বা কারা কুপিয়ে নষ্ট করে। প্রত্যক্ষদর্শী কেউ না থাকলেও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের মতো করে শালিশ বসিয়ে নিরীহ কৃষক আরিফ মণ্ডলকে দায়ী করেন। পুলিশকে অবগত না করেই একতরফা ‘রায়’ দিয়ে তার পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য করেন।
এই অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করেন প্যানেল চেয়ারম্যান খেলাফত বিশ্বাস। তিনি ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরেন গণমাধ্যমে। অভিযোগ রয়েছে, তার এই সাহসী অবস্থানই কাল হয়ে দাঁড়ায়।
খেলাফত বিশ্বাসের পরিবার জানিয়েছে, স্থানীয় চাঁদাবাজ চক্রের হোতা উসমান মণ্ডল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এমনকি এর আগে গত শুক্রবার একই চক্র কৃষক আরিফ মণ্ডল, তার ভাই ও বৃদ্ধ বাবাকেও নির্যাতন করে।
এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “ঘটনাটি শুনেছি। আহত ইউপি সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply