
বকশীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে গাছ উপহার দিল পুলিশ সুপার
রাশেদুল ইসলাম রনি: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে জামালপুর পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (বিপিএম) এর পক্ষ থেকে ফলদ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা উপহার দিল পুলিশ সুপার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) সকালে ১১ টায় বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ও খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন।থানা পুলিশ সুত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরে তিনটি বিদ্যালয়ের মাঠে গাছ রোপণ করেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান।এসময় নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মামুনুর রশিদ,বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী সেনসহ বকশীগঞ্জ থানার পুলিশ ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বুধবার (৫ জুন) জেলা পুলিশ আয়োজিত জামালপুর জেলায় বৃক্ষ রোপণ সপ্তাহের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আবিদ হোসেন ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান। তারই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এসব গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।
Leave a Reply