
কাহারোল(দিনাজপুর)প্রতিনিধি।।
দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল বাজারের মধ্য দিয়ে প্রবাহিত পানি নিষ্কাশনের একমাত্র খালের ওপর প্রশাসনের অনুমোদন ছাড়াই একটি প্রভাবশালী মহল অবৈধভাবে সেতু নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রশাসনকে অবহিত না করেই সেতুটি নির্মাণ করা হয়।
স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, খালটি দীর্ঘদিন ধরে বাজার ও আশপাশের এলাকার বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু সেতু নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং কৃষিজমিতে পানি জমে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বা পরিবেশগত প্রভাব বিবেচনা না করেই সেতুটি নির্মাণ করা হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, অবৈধভাবে নির্মিত এ ধরনের স্থাপনা শুধু পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে না, বরং ভবিষ্যতে এলাকার পরিবেশ ও কৃষি উৎপাদনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী দ্রুত ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ মাসের কারাদণ্ড
Leave a Reply