
সাংগঠনিক গতিশীলতা, আদর্শিক পরিশুদ্ধি এবং নেতৃত্ব বিকাশের প্রত্যয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বিএম কলেজ শাখার উদ্যোগে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও দায়িত্বশীল তারবিয়ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে সরকারি বিএম কলেজ শাখার সভাপতি মোঃ ইমাম হাসান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বাইজিদ হোসেন-এর সঞ্চালনায় বিএম কলেজ সেন্ট্রাল মসজিদের দ্বিতীয় তলায় এ কর্মসূচির সূচনা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে জোহরের পূর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, শপথ অনুষ্ঠান, দায়িত্বশীল তারবিয়ত, সাংগঠনিক দিকনির্দেশনা মূলক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় শূরা সদস্য ও সরকারি বিএম কলেজ শাখার সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম। তিনি তাঁর বক্তব্যে আদর্শনিষ্ঠ, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী নেতৃত্ব গঠনে তারবিয়তের অপরিহার্যতা তুলে ধরে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, আদর্শ, আমানতদারিতা ও নৈতিকতার সমন্বয়ে ছাত্রসমাজের কল্যাণে নিবেদিত থেকে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে নিরলস ভূমিকা পালন করতে হবে।
জোহরের নামাজের পর নবঘোষিত কমিটির দায়িত্বশীলরা সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ তাজুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, নৈতিক মূল্যবোধ চর্চা এবং শিক্ষার্থীদের কল্যাণে গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
পরবর্তীতে নবনির্বাচিত নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসের বিভিন্ন প্রশাসনিক ভবন পরিদর্শন করে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলাপূর্ণ ক্যাম্পাস বিনির্মাণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি নবঘোষিত নেতৃত্বের সাংগঠনিক দায়িত্ববোধ, আদর্শিক দৃঢ়তা এবং সেবামুখী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
আরও খবর: পলাশবাড়ীতে রাম মূর্তি স্থাপন ঘিরে বিতর্ক: সম্প্রীতি বজায় রেখে সহনশীলতার আহ্বান
Leave a Reply