
মোঃ মোরশেদ আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
সরকারকে স্বৈরতন্ত্রের পথে হাঁটার অভিযোগ; বাজেট, ইসলামী ব্যাংক, এস আলম ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা
চট্টগ্রাম, ১৩ জুন: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে এগারো দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ভারত-বাংলাদেশ সম্পর্ক, জাতীয় বাজেট, ব্যাংকিং খাত, বিদ্যুৎ খাত এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেন।
নাহিদ ইসলাম বলেন, “ভারতের আকাশ আর বাংলাদেশের আকাশ এক নয়, ভারতের মাটি আর বাংলাদেশের মাটিও এক নয়। এ ফয়সালা ১৯৪৭ সালেই হয়ে গেছে। বাংলাদেশ মর্যাদার সঙ্গে সম্পর্ক গড়বে, কোনো আধিপত্যবাদী শক্তির সঙ্গে আপোষ করবে না।”
তিনি অভিযোগ করেন, বর্তমান বাজেটে দুর্নীতি ও লুটপাটের পথ বন্ধ করা হয়নি। ইসলামী ব্যাংককে পুনরায় এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং পূর্ববর্তী সরকারের বিভিন্ন চুক্তি বহাল রাখার সমালোচনা করেন।
সরকারের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগ এনে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে এবং জনগণ থেকে সংসদকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণও অভ্যুত্থানের পথে হাঁটবে।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
Leave a Reply