
নিশাদ–নওশাদ, স্টাফ রিপোর্টার,
দীর্ঘ সময় পর কিশোরগঞ্জ জেলা শাখার নতুন পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে শরীফুল ইসলাম নিশাদকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিউল ইসলাম নওশাদ।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে সক্রিয় ও শক্তিশালী করতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন রাজীব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহাত ইসলাম সাগর। নতুন নেতৃত্ব জানিয়েছেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে সক্রিয় করা এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনই তাদের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, গত বছরের ১৫ মে ঘোষিত জেলা ছাত্রদলের একটি আংশিক কমিটি মাত্র ২০ দিনের মধ্যে ৪ জুন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করা হয়। দীর্ঘ বিরতির পর আবারও নতুন কমিটি গঠনে নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।
জেলা ছাত্রদলের সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে এবং অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পথ সুগম হবে।
Leave a Reply