
ষ্ট্যাফ রিপোর্টার, কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে মাদকবিরোধী বক্তব্য দিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।
এ সময় তিনি মাদক ব্যবসা বন্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন এবং এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, মাদক আজ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর কারণে তরুণরা অপরাধের দিকে ঝুঁকছে এবং পরিবারগুলো বিপর্যস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বক্তব্যে ওসি জানান, মনিপুরঘাট ও আশপাশে যাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে, তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। পাখি, চন্দন, জুমু, নাদিম, খোকন (স্থানীয়ভাবে মাদক সম্রাট হিসেবে পরিচিত), বাবু মার্কাস, সূজন, হাসেম মেম্বারের ছেলে জীবন এবং কাটাখালী এলাকার উজ্জল—এদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ চলছে। অপরাধের প্রমাণ মিললে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। যে কেউ গোপনে তথ্য দিলে তার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের প্রতি বাড়তি নজরদারি প্রয়োজন। পারিবারিক সচেতনতা বাড়াতে পারলে মাদকের বিস্তার অনেকটাই কমানো সম্ভব।
মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের এই উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন। তারা মনে করেন, ধর্মীয় স্থান থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়লে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।
অনুষ্ঠানে মুসল্লিরা মাদকবিরোধী আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার করেন। এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এই কঠোর অবস্থানের ফলে মনিপুরঘাটসহ আশপাশের এলাকা ধীরে ধীরে মাদকমুক্ত হবে।
আরও খবর:জ্বালানী সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দুর্ভোগে নাভিশ্বাস
Leave a Reply