
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের উলিপুরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজাসহ একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি (নম্বর: বগুড়া-থ ১১-৪৫৭০) মোহাম্মদের মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে সিএনজিতে থাকা চালক ও যাত্রীদের উদ্ধার করেন।
উদ্ধারের সময় সিএনজির ভেতরে থাকা বস্তা থেকে গাঁজার গন্ধ পেয়ে বিষয়টি স্থানীয়দের সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে সিএনজিতে গাঁজা রয়েছে বলে নিশ্চিত হলে চালক ও তার সহযোগী যাত্রী সুকৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি উলিপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি জব্দ করে। তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থেকে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উলিপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, স্থানীয়দের দাবি—উলিপুর-চিলমারী সড়কে মাদক পাচার দিন দিন বেড়ে যাচ্ছে। তারা দ্রুত এ রুটে নজরদারি বাড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।
আরও খবর: কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন
Leave a Reply