
বিশেষ প্রতিবেদকঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ ২০২৬—দেশব্যাপী যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস। দিবসটি বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, যা দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার চিরন্তন স্মারক।
এই তাৎপর্যপূর্ণ দিনটি উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান, মহাসচিব এম নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার ও সাংবাদিক মোঃ বাবুল হোসেন বাবলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক রুবেল, সাংবাদিক নূরনবী, মোঃ বশির উদ্দিন, মোহাম্মদ মিলন, মোঃ জাফরুল ইসলাম জাহিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অনন্য অধ্যায়। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার পর বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়।
বক্তারা আরও বলেন, স্বাধীনতা কেবল একটি ভূখণ্ডের নয়—এটি একটি জাতির আত্মপরিচয়, মর্যাদা ও আত্মমর্যাদার প্রতীক। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সময়ের দাবি। প্রযুক্তিনির্ভর এই যুগে তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে মুক্তিযুদ্ধের চেতনা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক সমাজকে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সকলকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।
শেষে তারা মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের ধারাকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
আরও পড়ুন চাঁদাবাজির অভিযোগে এমপির সুপারিশে বিএনপি নেতা রফিজ উদ্দিন বহিষ্কার
Leave a Reply