
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ও উপজেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে রাজিবপুর সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় বাদশা মিয়ার ছেলে সাকিবুল হাসানকে আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রাজিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের সময় সাকিবুল হাসানকে ডেন্ডি (নেশাজাতীয় দ্রব্য) সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে তাকে সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর আওতায় এই দণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও খবর : নওগাঁয় ভিজিএফের চাল চুরির মহোৎসব: গরিবের হক মারছেন মিরাট ইউপি প্রশাসক ও সদস্যর
Leave a Reply