
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা পুলিশের নিয়মিত প্রশিক্ষণ ও শৃঙ্খলা কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উক্ত প্যারেডে অংশগ্রহণ করেন।
প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন। তিনি প্যারেড চলাকালে কুচকাওয়াজের মান, উপস্থিত সদস্যদের শারীরিক সক্ষমতা, ইউনিফর্ম পরিধানে শৃঙ্খলা এবং সামগ্রিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে প্যারেডের সার্বিক মান ও শৃঙ্খলা সন্তোষজনক বলে উল্লেখ করেন। এসময় তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বাহিনীর শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, নিয়মিত পিটি ও প্যারেড অনুশীলনের মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং খেলাধুলার মাধ্যমে কর্মক্ষমতা উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার মহোদয় আরও বলেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই একটি দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের মূল ভিত্তি। তিনি সকলকে দায়িত্ব পালনে আরও সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ জনাব মোঃ শরিফুল হক।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন
Leave a Reply