
(বাগেরহাট ফকিরহাট প্রতিনিধি )
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে একটি জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলমান রয়েছে। অভিযোগ উঠেছে, অসুস্থ অবস্থায় থাকা এক জমির মালিকের সুযোগ নিয়ে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গা গ্রামের উক্ত জমির মালিক একজন গুরুতর অসুস্থ ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। এই সুযোগে কিছু ব্যক্তি বেআইনিভাবে জমিটি দখল করে সেখানে কাজ শুরু করেন। পরিস্থিতির অবনতি হলে প্রশাসনের পক্ষ থেকে একপর্যায়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।
তবে অভিযোগ রয়েছে, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও সংশ্লিষ্টরা তা অমান্য করে পুনরায় জমিতে প্রবেশ করে জোরপূর্বক কাজ শুরু করেন। এ সময় স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের কাজ বন্ধ করতে নির্দেশ দেন। পুলিশের হস্তক্ষেপে প্রথম পর্যায়ে তারা কাজ বন্ধ করলেও পরবর্তীতে আবার নতুন করে তৎপরতা শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টরা অফিস থেকে একটি কাগজ সংগ্রহ করে তা আদালতে দাখিল করে বিভিন্ন ফাঁকফোকরের মাধ্যমে নিজেদের পক্ষে একটি কাগজ বের করে এনে জমির উপর মালিকানা দাবি করে। এরপর আবার তারা জমিতে কাজ শুরু করে।
পরবর্তীতে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধে বাধা দিলে অভিযুক্তরা পুলিশের সঙ্গে অসদাচরণ ও অশোভন আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনাটি জানতে পেরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। সাংবাদিকদের অনুসন্ধানে জানা যায়, উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ ও একাধিকবার সমস্যার সৃষ্টি হয়েছে এবং বিষয়টি এখনও আইনগতভাবে নিষ্পত্তি হয়নি।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, আইন অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা বন্ধ না হলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান।
আরও পড়ুন ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৪ আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান
Leave a Reply