
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের বিএনপি ঘোষিত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার উদ্যোগে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পথসভায় আগত বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকা জনসমুদ্রের রূপ নেয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে জনগণকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ ও নির্বাচনী পরিবেশ তুলে ধরে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,বাংলাদেশের মানুষ আজ অবাধ ভোটাধিকার থেকে বঞ্চিত। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং রাষ্ট্রকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে আরও সংগঠিত হতে হবে।
ধানের শীষের পক্ষে জনগণ আজ যে ঐক্য গড়েছে—এটাই আমাদের আগামী দিনের শক্তি।তিনি আরও বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা ও জনগণকে ভোটের আন্দোলনে সম্পৃক্ত করাই বিএনপির প্রধান লক্ষ্য। পথসভায় তিনি ধানের শীষের প্রার্থী আখতারুজ্জামান মিয়ার জন্য জনগণের সমর্থন কামনা করেন।
ধানের শীষের প্রার্থী আখতারুজ্জামান মিয়া বলেন,দিনাজপুর-৪ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে আমি নিরলসভাবে কাজ করতে চাই। জনগণের অধিকার রক্ষার আন্দোলনে আমি মাঠে আছি, থাকবো। তৃণমূলের জনগণের ভালোবাসাই আমাদের এগিয়ে নেবে।
পথসভায় জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মির্জা ফখরুল স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।
Leave a Reply