
নিজস্ব প্রতিবেদক
জামালপুরে রাজিব বাস সার্ভিসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (জামালপুর) আজ মানববন্ধন কর্মসূচি পালন করে ছয় দফা দাবি উপস্থাপন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—বাস ভাড়া নির্ধারিত নিয়মে কমানো, গেট লক সার্ভিস চালু, বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ, বাস কর্মীদের ব্যবহার শালীন করা, একচেটিয়া সিন্ডিকেট ভেঙে নতুন বাস সার্ভিস চালু এবং যাত্রী নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবিদ সৌরভ বলেন, “জামালপুরে রাজিব বাসের কারণে প্রাণ হারাচ্ছে অনেকে। তাই আমরা এই একচেটিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি।
আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, তবে রাজিব বাস চলতে দেওয়া হবে না। যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাবো।”
কিন্তু আন্দোলন চলাকালে পরিবহন শ্রমিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ অভিযোগ করে বলেন, “আমরা আলোচনার জন্য ছাত্রদের ডেকেছিলাম, কিন্তু তারা উল্টো মারমুখী হয়ে ওঠে। এতে আমাদের এক শ্রমিক আহত হন।
নিরাপত্তার স্বার্থে সারা জেলার বাস ও সিএনজি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, “বেলা ৩টার দিকে অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারীরা। বাস চলাচল স্বাভাবিক করতে পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”
পরিবহন সংকটের ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
এ নিয়ে প্রশাসন দ্রুত সমাধানের আশ্বাস দিলেও দুই পক্ষের অনড় অবস্থানে সংকট কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
Leave a Reply