
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম বাবু তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
সাংবাদিক বাবু এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি জানান, গত ৩০ জুলাই গাইবান্ধা জেলা প্রেসক্লাবে সরকারপাড়া এলাকার বাসিন্দা মো. মোকছেদুর রহমান আয়োজিত সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্যেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
প্রতিবাদলিপিতে শফিকুল ইসলাম বাবু উল্লেখ করেন, গত ২৮ জুলাই সরকারপাড়া এলাকায় স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে একটি রাস্তা সংস্কারের কাজ চলছিল। এ সময় ওই কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মোকছেদুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে কয়েকজন আহত হন এবং এ ঘটনায় থানায় মামলাও দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ওই ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং পুরো ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে তার নাম ইচ্ছাকৃতভাবে জড়িয়ে একজন সাংবাদিক হিসেবে তার দীর্ঘদিনের পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে বলে তিনি বিশ্বাস করেন।
উল্লেখ্য, এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মো. মোকছেদুর রহমান পূর্বে ভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি। তাই বিষয়টি তদন্ত ও আইনি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন জৈন্তাপুরে মন্দির পরিচালনা কমিটির সংবাদ সম্মেলণ মন্দির রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা
Leave a Reply