
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২৭৯৭)-এর ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ভোট গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ছাতা প্রতীকে মো.আব্দুল করিম ১,৫২৯ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের মো. শমসের আলী (আতোয়ার) পান ৬৬৫ ভোট।
কার্যকরী সভাপতি পদে গরুগাড়ি প্রতীকে মো. সাজু মিয়া ৭০১ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মাছ প্রতীকে মো. রঞ্জু মিয়া ৬৪৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের মো. সুজন মিয়া পান ৬৩২ ভোট।
সাধারণ সম্পাদক পদে হাতুড়ি প্রতীকের মো. আতিকুর রহমান ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হন। অল্প ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজমহল প্রতীকের মো. আব্দুল মান্নান পান ৫৩৮ ভোট। খেজুর গাছ প্রতীকের মো. আব্দুস সোবহান পান ১৯৩ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তলোয়ার প্রতীকে মো. সবুজ মিয়া ৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকের মো. আতাউর রহমান ৫২৯ ভোট পেয়ে জয়ী হন। সড়ক সম্পাদক পদে চেয়ার প্রতীকের মো. রিজু মিয়া ৮৪০ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। প্রচার সম্পাদক পদে হাতপাখা প্রতীকের মো. জোহা মিয়া সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণ ও ভোট গণনা অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুলসংখ্যক ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা সংগঠনের প্রতি শ্রমিকদের আস্থা ও গণতান্ত্রিক চর্চার প্রতিফলন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তারা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ঐক্য অটুট রাখার আহ্বান জানান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, গাইবান্ধার পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থেকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply