
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।
রবিবার (১৯ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাজিবপুর থানার পুলিশের জরুরি আইনশৃঙ্খলা ডিউটির অংশ হিসেবে উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের সুইস গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর পাহাড়তলী গ্রামের বাসিন্দা কুদরত আলীর ছেলে আক্তার মিয়া (৬০)।
পুলিশ জানায়, এলাকায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার রোধ, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সুইস গেট এলাকায় অভিযান চালিয়ে আক্তার মিয়াকে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়। পরে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে জব্দ করা হয়।
রাজিবপুর থানা সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে রাজিবপুর উপজেলায় পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক ও কঠোর অভিযান অব্যাহত থাকলে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
আরও খবর : সখিপুরে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন।
Leave a Reply