
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলাকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমুক্ত করতে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করায় রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামা, মসজিদের খতিব ও ইমাম সমাজ।
বৃহস্পতিবার রাতে রুহিয়া থানায় আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে আলেম-ওলামারা ওসির হাতে ফুলের তোড়া তুলে দেন এবং মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তার নেতৃত্বে পরিচালিত কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় বক্তারা বলেন, রুহিয়া উপজেলায় মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও একইভাবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক। তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সকলকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাৎ শেষে রুহিয়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ, আলেম-ওলামা, ইমাম সমাজ এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply