
স্টাফ রিপোর্টার, মোঃমোরশেদ আলম চৌধুরী
টানা ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ধসে বান্দরবানের লামা উপজেলার চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা একাডেমিক ভবন চরম ঝুঁকির মুখে পড়েছে। ভবনের নিচের মাটি ধসে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ রেখে অন্য ভবনে ক্লাস নেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় ১৩ বছর আগে নির্মিত ভবনটির ভিত্তির নিচে মাত্র দুই হাত পরিমাণ মাটি অবশিষ্ট রয়েছে। ভবনের পাশের বাউন্ডারি ওয়ালসহ বিপুল পরিমাণ মাটি ধসে প্রায় ৩০ ফুট নিচে নেমে গেছে। এতে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, ভবনটি ধসে পড়লে একদিকে সরকারের কোটি টাকার সম্পদের অপূরণীয় ক্ষতি হবে, অন্যদিকে শিক্ষক-শিক্ষার্থীসহ ভবনের নিচে বসবাসরত অসংখ্য পরিবারের প্রাণহানির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ারও শঙ্কা তৈরি হয়েছে।
কলেজের অভিভাবক সৈয়দ তৌহিদুর রহমান বলেন, “ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই অবস্থায় সন্তানদের সেখানে পাঠানো নিয়ে আমরা উদ্বিগ্ন। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
কলেজের অধ্যক্ষ আবু হানিফ বলেন, “গত অর্থবছরে জেলা পরিষদের কাছে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে একটি গাইড ওয়াল নির্মাণের জন্য আবেদন করা হয়েছিল। জেলা পরিষদের প্রকৌশলীরা সরেজমিনে পরিদর্শনও করেছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। বর্তমানে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ভবন থেকে অন্য ভবনে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মহরম বলেন, “প্রায় এক হাজার শিক্ষার্থীর এই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হলে তাদের লেখাপড়া ও বোর্ড পরীক্ষার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই দ্রুত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, “প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিষয়টি আমাকে অবহিত করেছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপাতত নির্দেশনা দেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনে কোনো অবস্থাতেই ক্লাস নেওয়া যাবে না।”
স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত গাইড ওয়াল নির্মাণ এবং প্রয়োজনীয় প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবনটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
Leave a Reply