
নিজস্ব প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ক্লাব ১৩ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই বিকেল ৪টায় মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিকতায় দীর্ঘদিনের নিষ্ঠা, সততা এবং সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সানন্দবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, চারণ সাংবাদিক ও দৈনিক আজাদ প্রতিনিধি মো. আব্দুস সালাম শিকদারকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা তাঁর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা আরও কয়েকজন গুণী ব্যক্তিকেও সম্মাননা প্রদান করা হয়।
মেলান্দহ রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ কারী হামিদুল হক (বিএ, বিএড), ৭১-এর গেরিলা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান এবং মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদারের আপসহীন, বস্তুনিষ্ঠ ও চারণ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, সাংবাদিকতার প্রতি তাঁর নিষ্ঠা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল কাশেম আকাশ, বিশিষ্ট কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সমাজসেবক দোস্ত কহিনুর ইসলাম, বকুলতলা মানবিক সোসাইটির চেয়ারম্যান হেলাল আকন্দ, কালচারাল ইউনিটির সভাপতি ও বাউল শিল্পী বিপ্লব মণ্ডল, স্বরকলার সম্পাদক এ কে এম জাকিরুল হক মিন্টু এবং জালাল উদ্দিন কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মেলান্দহ রিপোর্টার্স ক্লাবের ১৩ বছরের গৌরবময় পথচলার প্রশংসা করে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মেলান্দহের উন্নয়ন ও জনস্বার্থে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে প্রবীণ চারণ সাংবাদিক মো. আব্দুস সালাম শিকদারসহ অন্যান্য সম্মাননাপ্রাপ্ত গুণীজনের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে রাখেন অতিথিবৃন্দ।
Leave a Reply