
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে তাড়াইল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পশ্চিম জাওয়ার এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একটি দল পশ্চিম জাওয়ার এলাকার হাদিছ মিয়ার মুদির দোকানের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে তাড়াইলসহ আশপাশের এলাকায় গোপনে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত।
Leave a Reply