
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিয়ের মাত্র ২৫ দিনের মাথায় এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে মিম আক্তার (২০) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিম আক্তার রৌমারী উপজেলার বড় মাদারটিলা গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৫ দিন আগে মোল্লাপাড়া গ্রামের সহিবর রহমানের ছেলে হাসান আলীর সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা অশান্তি চলছিল বলে অভিযোগ উঠেছে।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, বিয়ের সময় প্রতিশ্রুতি অনুযায়ী দুটি গরু যৌতুক হিসেবে দিতে না পারায় মিমকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। তাদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের ভাষ্য, নবদম্পতির সংসার শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনার খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যেও আলোচনা-সমালোচনা চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট, আলামত এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর: সেই তহশীলদারের বদলী,রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!
Leave a Reply