
রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে গত ৩০ জুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান ফর্সার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে ২০২৬-২০২৭ অর্থবছরের সম্ভাব্য আয় ও ব্যয় সমানভাবে ৩৭ লাখ ১৬ হাজার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রকৃত রাজস্ব আয় ছিল ২৯ লাখ ৫০ হাজার ৬১৭ টাকা এবং ব্যয় ছিল ২৯ লাখ ২৯ হাজার ২২৮ টাকা। ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত রাজস্ব আয় ধরা হয়েছে ২২ লাখ ৮৮ হাজার ২৭৭ টাকা এবং ব্যয় ২৮ লাখ ৭১ হাজার ১৬২ টাকা।
অন্যদিকে উন্নয়ন খাতে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত আয় ও ব্যয় ১ কোটি ২ লাখ ৪৪ হাজার ২০১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নয়ন খাতে প্রাপ্তি ও ব্যয় ছিল ৭৯ লাখ ২০ হাজার ৪৫৬ টাকা। ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত উন্নয়ন প্রাপ্তি ও ব্যয় ধরা হয়েছে ৯৫ লাখ ৭৪ হাজার ১৭৬ টাকা।
সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান ফর্সা বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার ইসলাম বাজেট বাস্তবায়নে জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন রাউজান সুলতানপুরে শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়- ৪৫ব্যাগ রক্ত সংগ্রহ
Leave a Reply